স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

গ্রামের ঈদ ঘোষণা

আমাদের গ্রামে বিদ্যুতব্যবস্থা নেই। সুন্দরবনের কোলঘেঁষা এই অঞ্চলে নেই একটা পিচের রাস্তাও। বেশ আগের ইটবিছানো রাস্তাটাও আইলাবিধ্বস্ত হয়ে বেহাল দশায়।

থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পশলা বাঁচিয়ে কাদাপানি ঠেলে মসজিদ পর্যন্ত যেতেই জুতোর ওজন হয়ে গেল কয়েক কেজি। সবার সাথে ইফতারি করে নামাজ পড়লাম।

নামাজ শেষে মসজিদ কমিটি ঘোষণা করলো, 'বরাবরের মতো রেডিওর সংবাদ শুনে আগামিকাল ঈদ হবে কিনা সে ব্যাপারে মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হবে।'


বলে নেওয়া দরকার, টেলিভিশন দূরে থাক সবার বাড়িতে রেডিওটাও নেই। ঈদের ঘোষণার জন্য তাই মসজিদের মাইক ভরসা। আবার মসজিদ কমিটিকেও অপেক্ষা করতে হয় রেডিওতে সংবাদ হবার সেই নির্দিষ্ট সময়ের।

আমি নামাজ শেষে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে আলাপ করছিলাম। উপস্থিত ছিলাম অনলাইনেও। বাংলানিউজ থেকে চাঁদ দেখার খবর জেনে কমিটিকে বললাম মাইকে ঘোষণা দিতে। তারা বললো, 'রেডিওতে সংবাদ হতে এখনও বাকি আছে। তুমি কীভাবে বলছো?' অনলাইন পত্রিকা তারা বুঝবে না, তাই আমি বললাম, 'ইন্টারনেটে পাওয়া গেছে।' তিনি বললেন থাক রেডিওতে আগে শুনি। আমি বললাম শুধু শুধু অপেক্ষা করার মানে নেই, মানুষ আগেই জেনে যাক। কয়েকজন সন্দেহ প্রকাশ করলেন ইন্টারনেটের খবর প্রচার করা ঠিক হবে কিনা! 

নেতৃত্বস্থানীয় একজন তাদেরকে বললেন, 'ও যেহেতু বলছে, তবে সত্যি।' অতঃপর মসজিদে ঘোষণা দেওয়া হলো।
ঘোষণা শেষে এক মুরব্বি বললেন, 'মিথ্যা টিথ্যা হবে না তো আবার!'

(বৈশখালি, কৈখালি, শ্যামনগর, সাতক্ষীরা।)

 ফেসবুক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন