স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।
ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

হেঁয়ালি

জীবনের বাঁকে অযথাই জমা
হাজারো হেঁয়ালি,
মনের জমিনে মাটি নেই আজ
সব দেখি বালি!


ফেসবুক 

আলোকিত অন্ধ

দাও ছড়িয়ে গাঢ় ঘুমের
স্বপ্নমাখা গন্ধ,
তোমার ছোঁয়ায় আমি হবো
আলোকিত অন্ধ!


ফেসবুক 

ভরসা

মেঘলা জীবন গুমোট আকাশ
স্বস্তি আবেশ বরষা নাই,
তোমার চোখে দেখলে তবু
বাঁচার আবেগ ভরসা পাই।


ফেসবুক

শীতটা এলেই


শীতটা এলেই ভুলে যাবো আমার সকল ছন্দ-ছড়া
শীতটা এলেই জেনে যাবো তোমার চুলের গন্ধ কড়া
দেখো তখন থাকবো না আর এখন যেমন ছন্নছাড়া
সন্ধ্যা হলেই বুঝে যাবো ঘরে ফেরার বড্ড তাড়া


শীতটা এলেই মাতাল হবো তোমার চোখের কুয়াশায়
নীরবতার কথা হবে শরীর-মনের দু’ভাষায়
কারণ ছাড়াই হারিয়ে যাবো শস্যক্ষেতের আড়ালে
এই আমি ঠিক তোমার হবো একটুকু হাত বাড়ালে


শীতসকালে আমি তোমার ভালোবাসার চাদর হবো
হিমনিশীথে মুখ লুকিয়ে উষ্ণ বুকের আদর ছোঁবো
শীতটা এলেই হয়ে যাবো শিশিরভেজা ঘাসবিছানা
প্রাকৃতিক প্রেমই হবে তোমার আমার খাস নিশানা


শীতটা এলেই জলে দেবো ব্যাচেলর এই ডিগ্রিটাও
তবে তুমি কোথায় আছো আমায় দেখা শিঘ্রী দাও


ফেসবুক




রোদবালিকা

জেনে রেখো রোদবালিকা,
তোমার গায়ে খোদাই করা
আমার সকল সুখতালিকা।


চলে যাবো, কোথায় যাবো?
তোমার হাতে বাঁশি,
মোহন সুরে উদাস দুপুর
শূন্যলোকে ভাসি।


সর্ষেফুলে ঢেউ খেলে যায়
রঙের সমুদ্দুর
তোমার মুখে খেলা করে
চিকচিকে রোদ্দুর।


রোদবালিকা এই!
তোর বিহনে নামবে আঁধার
মন হারাবে খেই।


 ফেসবুক

মন পোড়াবো

তোকে ঘিরে আমার সকল
অনুভূতি মিথ্যে,
এবার আমি হিংস্র হবো
আগুন দেবো চিত্তে!


মন পোড়াবো বুক ফাটাবো
জীবন যাবে কাঁদতে,
দাবানলে দুনিয়া পুড়ুক
আসবো না আর সাধতে...


ফেসবুক 

যখন তুমি যেমন

একটা সময় উদার তুমি
অনেক কথাই বলো,
ভালোবাসার যৌথ জাহাজ
একাই টেনে চলো।
ঠোঁটের ভাঁজে দুষ্টুমি আর
নানান আহলাদে,
রুক্ষ জীবন অবাক কোমল
জোছনাভরা চাঁদে।

একটা সময় আবার তুমি
খেই হারিয়ে ফেলো,
স্বপ্নলোকের মেয়ে হঠাত্‍
ভীষণ এলোমেলো!
চৈতি রোদে জ্বলে ওঠো
কিংবা মেঘে দোস্তি,
গোমড়া মুখে আঁধার নামে
উধাও তোমার স্বস্তি।

একটা সময় বিষ ঢেলে দাও
একটা সময় অর্ঘ্য,
তোমার চোখে নরক দেখি
তোমার চোখে স্বর্গ।


 ফেসবুক

ভাঙচুর

খুব করে আজ চাইছি আমি আমার দুচোখ অন্ধ হোক!
দেখার শোনার অনুভবের সকল দুয়ার বন্ধ হোক।
মনের সাথে দেহের একটা তুমুল দ্বন্দ্ব যুদ্ধ হোক
ভেঙেচুরে পুড়ে পুড়ে সত্তা সকল শুদ্ধ হোক।


ফেসবুক 

একটা জীবন

একটা বছর পার হয়ে যায় ক্যালেন্ডারের পাতায়
একটা দিবস কাব্য লেখে ভবিষ্যতের খাতায়
একটা প্রহর উঁকি মারে, একটা থাকে লুকে!
একটা ‘সময়’ হারিয়ে যায় মহাকালের বুকে।

একটা তারা ছিটকে পড়ে, একটা থাকে ঝুলে
নক্ষত্রও হারিয়ে যায় একলা চলার ভুলে!
এক আকাশে বৃষ্টি ঝরে, একটা মেঘে বজ্র
একটা আকাশ বাতি জ্বালায় লক্ষ বা সহস্র।

একটা রোবট খবর ছড়ায় ভিত্তিছাড়া কথা
একটা মিছিল ধীরে চলে কেবল নীরবতা!
একটা শিয়াল দরদ দেখায় আর ছানারা মানে
একটা জগৎ আপস করে ভালোবাসার গানে!

একটা সাগর শুকিয়ে যায়, একটা নদী জাগে
একটা বাতি জ্বলবে কিনা অন্ধকারের আগে?
এক পৃথিবী নীল হয়ে যায়, একটা গোলাপ নাচে!
এক কবিতা ভালোবাসার স্মারক হয়ে বাঁচে।

একটা পাখি উড়ে গিয়ে আর ফেরে না নীড়ে,
একটা মানুষ খুঁজতে থাকি হাজার লোকের ভিড়ে;
অনেক অনেক মুখ দেখি রোজ, পাই না কারো বুক
একটা জীবন আজও তবু মানুষে উৎসুক!


ফেসবুক 

মাফ করে দাও

তোমার প্রেমে আজ সারাদিন
কাটলো পথে প্রান্তরে,
চোখ তুলে চাও, মাফ করে দাও
এই অভাজন ভ্রান্ত রে!


facebook

পরিচিতা

বুকের কাছে আছি তবু
হইনি প্রেমিক-মিতা,
তুমি আমার খুব অচেনা
তুমিই পরিচিতা!


facebook 

অধরা-৯

গুলি-গ্রেফতার-অবরোধে
সমান বাঁচা-মরা,
তোমার বুকেই গুঁজবো মাথা
ঠাঁই দিও অধরা।


facebook 

বালিকা

দিনে তুমি কাজ করো
যত আছে তালিকা,
রাতটা আমাকে দাও
সব আড়াল ঘুচাও
মুঠোফোনে মুখ খোলো
রজনীর বালিকা।

ফেসবুক 

এখন

এখন বুঝি ভালো আছো
আগের চেয়ে সুখে?
কল-জ্বালাতন কথার কাঁটা
আর বিঁধে না বুকে!

এখন আমি দূরে থাকি
একলা আমার মতো,
আর ভাবি না তুমি পাশে
থাকলে কেমন হতো!

দাও ঠেলে দাও দূরে তুমি
নেই অনুযোগ আর,
আমার কাঁধেই নিলাম তুলে
সব আবেগের ভার।

ফেসবুক 

আলোকসঙ্গী

আয়রে কিশোর তরুণ যুবা
একটু ভাবুক হই,
বিশ্বটাকে মুঠোয় আনি
বন্ধু বানাই বই।

কুসুম কুসুম মনের গায়ে
স্বপ্ন মেখে নিই,
চোখের কোণে অবাক আলোর
বাত্তি জ্বেলে দিই।

সত্যটাকে সুয্যি ভাবি
তার পাশেই হোক আবর্তন,
সঙ্গী হবো আলোকরেখার
কালোতে নয় সমর্থন।

হেরার আলোয় ঝিকিমিকি
হৃদয় দীঘির জল,
আয়রে সবাই এক হয়ে যাই
ফুটুক নীলোৎপল।

বাঁধনহারা

তেলের সাথে জল মেশে না যতই থাকুক প্রেম
বন্দী পাখি হাপিয়ে ওঠে হোক না সোনার ফ্রেম।
         ভালোবাসা যতই থাকুক
         জোনাক পোকা গল্পে মাতুক
দিনের সাথে জমবে না তার লুকোচুরির গেম।

প্রেমের রাজ্যে আমায় তুমি জানাও আমন্ত্রণ
আমার মনে তেপান্তরের দৃশ্য রোমন্থন।
         সারাজীবন বাঁধনহারা
         স্বাধীনতায় পাগলপারা
মায়ার আঁচল পারবে না তাই বাঁধতে আমার মন।

ব্যস্ত আমি

কেউ আমারে ডাকিসনে আর কারণ আমি ব্যস্ত যে,
দুষ্টুমি সব ছেড়ে দিয়ে পড়ালেখায় ন্যস্ত যে।
ঝড়ো হাওয়ায় মেলবো না হাত শীত কুয়াশার বৃষ্টিতে
অবাক হয়ে রাখবো না চোখ নিপুণ রঙিন সৃষ্টিতে।

হোক না বিকেল বসবো না তো সবুজ কোমল ঘাসটাতে
রামধনু রঙ ছড়িয়ে এখন হাঁটবো না ঐ রাস্তাতে।
লিখছি না গান পদ্য ছড়া, আঁকছি না যে সুুখছবি
আমার কাছে আসিস যদি সালাম দিয়েই চুপ রবি।

মন বিছানায় থাকুক শুয়ে কল্পলোকের সমীক্ষা
গল্প হবে আড্ডা হবে শেষ হলে ভাই পরীক্ষা

বৃষ্টির ছড়া

নীলাম্বরে উড়ছে দেখ
কালো মেঘের ভেলা
সূয্যিমামা করতে যে চায়
লুকোচুরির খেলা।

টাপুর টুপুর ছন্দ তুলে
নেমে আসে বৃষ্টি
বাদল-পরীর দিকে সবার
যায় চলে যায় দৃষ্টি।

কদম, কেয়া, জুই, চামেলী,
ফুটতে থাকে বনে
রিমঝিমঝিম সারাটাদিন
ছন্দ দোলে মনে।

সত্যের বাতি

উন্নত মম শির’ কন্ঠেতে তুলে
বিদ্রোহী গান গাই চিত্তটা খুলে
দূর করে পৃথিবীর যন্ত্রনা-দুখ
এনে দেব সতেজতা শান্তি ও সুখ।

একারণে যত বাধা আসে সম্মুখে
সত্যকে বুকে ধরে দাঁড়াবোই রুখে
সংকোচ ভয় ভীতি সব ঝেড়ে ফেলে
পৃথিবীতে সত্যের বাতি দেব জ্বেলে।