স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

অধরা-২১

আমি তোমাকে বলি, কেঁদো না। অথচ তোমার বেদনাগুলো আমারই সৃষ্টি। আমি অহোরাত্র তোমার ভেতরে অস্থিরতার বীজ বুনি। আবার আমিই অবাক হই, মনখারাপের বেড়ে ওঠা বৃক্ষ দেখে। বিশ্বাস করো, এসবে আমার কোনো প্রবৃত্তি থাকে না।

আমি ভালোবাসার ডাকঘর নিয়ে দাঁড়িয়ে থাকি। অথচ প্রেমের চিঠি বিলাতে পারি না। আমার হিমশীতল বরফ তোমাকে রক্তাক্ত করে, তুলার আঘাতে তোমার পাজর ভেঙে যায়। তোমার আঙিনায় যে ফুরফুরে বাতাস, তার ভাঁজে ভাঁজে দেখি কান্নার ঢেউ।

আমি তখন প্রতিকূলতার দাঁড় টানতে টানতে ঘুমিয়ে পড়ি। ভেতর থেকে প্রবাহিত রক্তস্রোতে বুকের নিচে বিছানা তৈরি হয়। জমাটবাঁধা জলশয্যায় দুঃস্বপ্ন দেখে জেগে উঠি। সবকিছু অর্থহীন মনে হয়- বেঁচে থাকা, মরে যাওয়া…। 

অধরা, তোমাকে ধরতে যাওয়াটা যে অপার আনন্দের উৎস, সেখানেও আর উৎসাহ পাই না…


ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন