স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

কেউ বোঝে না

যদিও বা কেউ কখনো তাকায় আমার দিকে-
জানতে কভূ চায় না আমার মুখটা কেন ফিকে;
নিত্যদিনই সময় কাটাই যাদের সাথে মিশে
কেউ বোঝে না মনটা আমার খারাপ হলো কিসে।

দেখতে পাহাড় শান্ত হলেও মধ্যে অগ্নিগিরি
মুখের উপর হাসির প্রলেপ দুঃখ মনে ফিরি,
মৌ সাগরে ডুব দিয়ে রই ভেতর ভরে বিষে!
কেউ বোঝে না মনটা আমার খারাপ হলো কিসে।

যার কল্যাণে শ্রম-সাধনা সেই বোঝে আজ ভুল;
শক্ত করে ঘর বাঁধিলেও ভাঙে নদীর কূল
ঝঞ্ঝা-বাতাস, ঢেউয়ের আঘাত মরবো বুঝি পিষে!
কেউ বোঝে না মনটা আমার খারাপ হলো কিসে।


স্বার্থ পেলে মানুষ এতো নামতে পারে নিচে!
ভালোবাসা হৃদ্যতা ভাব সব কি তবে মিছে?
জীবন যেন যন্ত্র-রোবট পাইনে উপায় দিশে
কেউ বোঝে না মনটা আমার খারাপ হলো কিসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন