স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

অধরা-২২

তুমি তো জানোই আমার কান্নাগুলো শুকনো। জল নেই অথচ প্রবল স্রোত। ঠিক সেই নদীটার মতো- যার কুল ছিল না, জল ছিল না, শুধু ছিল ঢেউ! আমি সেই পানিশূন্য খরস্রোতে একেলাই ডুবে মরি।

একবার নিজেকে জিজ্ঞেস করো তো অধরা! তুমি ছাড়া কে বুঝবে এই চৈত্রের কান্না? একদিন তুমি তো সব বুঝতে। আমার আমিত্বের জায়গাটা সনাক্ত করেছিলে তুমি। আর তাই তোমার 'আমিত্বে'র সমুদ্রে মিশে যেতে আমাকে বেচে দিয়েছিলাম তোমার কাছে। আজ তুমি সন্দেহ করো তোমারই আবিষ্কার করা নদীকে। হেঁয়ালিতে দেখিয়ে দেওয়া কিছু অগভীর নালা কিংবা খালকে বানিয়ে নিলে তোমার প্রতিপক্ষ সাগর!

অধরা, তুমি অভিমান খুনসুটি আর রাগের বহিঃপ্রকাশে পার্থক্য রাখো না। তুমি বোঝো না- হেঁয়ালি আর মৌলিক চরিত্রের ব্যবধান। ভিত্তিহীন রাগ ভাঙতে দেরি হলে তীব্র অভিমান লাগে আমার নিজেরই। আবেগের মূল্যায়ন করতে চাই কিন্তু যৌক্তিকতা না বুঝলে রাগ লাগে। কোনো সংঘাত পছন্দ নয়, তাই একাকিত্ব আর শুকনো কান্নাই নিশীথের দোসর হয়ে আমার পাশে থাকে। আমার অতল আবেগে জল ঝরানোর সক্ষমতা নেই যে।
আফসোস! যে বোঝার, সে বোঝে না...

ফেসবুক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন