‘দমা দম মাস্ত কালান্দার’ এর অন্যতম সুরকার পাকিস্তানের অন্যতম শীর্ষ সঙ্গীত পরিচালক আশিক হোসেন বস্তিতে বাস করেন।
পুরনো লাহোরের ভাট্টি গেট নিকটবর্তী বাজারি হাকিমানের বস্তিতে কষ্টে জীবন কাটছে তার। ওস্তাদের ওই ঘরে বিদ্যুতের দাবি যেন বিলাসিতা, যেখানে খাদ্যের নিশ্চয়তাই নেই।
শোচনীয় আর্থিক অবস্থায় পড়ে আশিকের ছেলে মেধাবী যন্ত্রবাদক আসিফ আলী রাস্তায় পাকুরা বিক্রি করতেন। কিছুদিন আগে হৃদরোগে তিনি মারা যান।
অসংখ্য জনপ্রিয় গানের সুরকার ‘ওস্তাদ’ আশিক হোসেন এখন দিন কাটান নিদারুণ নীরবতায়। পাকিস্তানের অন্যতম শীর্ষ সঙ্গীত পরিচালক এই মানুষটির জীবন কাটছে সুরহারা গানের স্বরলিপিতে। পাঁচ দশক ধরে তিনি পাকিস্তান সিনেমার জন্য গানের সুর করেছেন।
অনেকেই হয়ত জানেন না, কবি সাগর সিদ্দিকীর অনুরোধে মাত্র কয়েক মিনিটের মধ্যে বিশ্ববিখ্যাত ধামাল গান 'লাল মেরি পাত’ এর সুর করে দিয়েছিলেন আশিক হোসেন। আশিকের সুরেই গানটি পাকিস্তানি বহু সিনেমায় ব্যবহৃত হয়।
পাকিস্তানের রূপালি পর্দায় আশিকের অপরিসীম অবদান থাকলেও তার সমসাময়িক নিসার বাজমি, রশিদ আত্রাই কিংবা রবিন ঘোষের তুলনায় তার মূল্যয়ন হয় নি মোটেও।
এই শ্রেষ্ঠ সুরস্রষ্টাকে কেবল সংগীত জগতই ভুলে যায়নি, পাকিস্তানের সরকার এমনকি তার বন্ধুরাও মুখ ফিরিয়ে নিয়েছে।
সত্য এই যে, ৯০ বছর বয়স্ক আশিক হোসেন কখনো কারো কাছে সাহায্য চাননি। ‘শিল্পীর কদর না দেওয়া’ জনগণের কাছেও কিছু চাননি তিনি।
আশিক হোসেনের অসাধারণ সুর করা ‘দমা দম মাস্ত কালান্দার’ গানটি গেয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের শ্রেষ্ঠ সংগীত শিল্পীরা। নূর জাহান, নুসরাত ফতেহ আলী খান, রুনা লায়লা, জগজিৎ সিং, আবিদা পারভীন তাদের অন্যতম।
উল্লেখ্য, কয়েক শতাব্দী আগে বাবা বুল্লেহ শাহ ‘দমা দম মাস্ত কালান্দার’ গানটি রচনা করেন। তিনি সুফি সাধক শাহবাজ কালান্দারের প্রশস্তি করে এই গানটি রচনা করেন।
সূত্র: ডন
প্রকাশিত : অনলাইন বাংলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন