স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

উৎসাহ

আজ এই উৎসাহ আমি চাই না, চাই না এই আদরে অলঙ্কৃত হতে।

একদিন আমার বউ আমাকে উৎসাহ দিবে। ভয়াবহ উৎসাহদাত্রী হবে সে। প্রেরণার ক্ষুদেবার্তায় ভরে দিবে আমার ইনবক্স। হয়তো ভুল বানানে লেখা হবে শব্দ। বাক্যগঠন ঠিক থাকবে না। হয়তো টাইপ করতে গিয়ে কোনো অক্ষর বাদ যাবে। কিংবা ভিন্ন অর্থ দিবে যতিচিহ্ন। তবুও আমি ঠিক বুঝে নিতে পারবো তার কথা।

আমার কর্ণদ্বয় পূর্ণ হবে সান্ত্বনার বাণীতে। তার নির্মল প্রার্থনা হবে আমার পাহারাদার। আমি অনেক দূর থেকে জানতে পারবো তার দুটো চোখ আমাকে সতর্ক করছে। আমার অন্তর ভরবে ভালোবাসায়। আমার প্রাণ পূর্ণ হবে প্রেমে।

তার মিহিন আঙুল জামার বোতাম লাগিয়ে দিবে। কোমল ছোঁয়া আমার ক্লান্তি ভুলিয়ে দিবে। খুব সকালে আগুনগরম ভাতে তেলেভাজা বেগুন দিবে একটি হাত। মধ্যরাতে এক কাপ কফি।

একটি মুখ সবসময় আমাকে টানবে। সেই মুখের হাসির জন্য আমি বিলিয়ে দিবো আমাকে। তার হাতেই তুলে দিবো সযত্নে গড়া আমার শুদ্ধতম সত্তা।


ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন