স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

অকবিতা

অনেক দূর থেকে অধরা আমাকে ডেকে যায়, খুব নীরবে। আমি বেশ বুঝতে পারি। তার শব্দহীন আহ্বান সশব্দে আমার কানে বাজে। আমি আনমনা হয়ে পড়ি।

আমি ঠিকই দেখতে পারি, তার জলে ভেজা দুটো চোখ আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমার চোখও আদ্র হয়ে উঠতে চায়। আমি শুনতে পাই, তার অনুতপ্ত হৃদয় আমাকে ছুঁতে চাচ্ছে। আমার মনও কাউকে স্পর্শ করতে চায়। তার ক্লান্ত শরীর আমার আশ্রয় খুঁজছে। আমার বাহুগুলোও ডানা মেলতে চায়। আমি ঠিক জানতে পারি, মানতে পারি না। আমি কাঁদতে পারি, সাধতে পারি না। ভালোবাসতে পারি, ফিরে আসতে পারি না। অভিমানের উপত্যকায় দাঁড়িয়ে হাসতে পারি না।

মেঘলা আকাশকে আমার তখন আপন মনে হয়। হারাতে ইচ্ছে করে চোরাবালিতে। কষ্টের পর্বতে উঠতে ইচ্ছে করে। বেদনার গিরিখাতে নেমে যেতে চায় আমার সমস্ত সত্তা।
অধরার কাছে যাওয়ার আকুলতা জাগতেই, কাছে পাওয়ার ব্যাকুলতা আসতেই আমি প্রাণপণে দূরে দৌড়াই। ভালোবাসার অত্যাচার আর করতে চাই না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন