আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।
অধরা-৭
অধরার
অসহযোগিতায় সম্পর্কের তফসিল ঘোষণা হচ্ছে না। অথচ প্রার্থী হিশেবে মনোনয়ন
ফরম কিনে ফেলেছি অনেক আগেই। বিশ্বাসের জায়গায় ফাটল ধরলে বা পারস্পরিক
আস্থায় সংকট তৈরি হলে নির্বাচনী বিবাহোৎসব আদৌ হবে কিনা- আমি খুব দ্বিধায়।
দুই পরিবারের সামাজিক ব্যবধান যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করেছে, সেখানে
সমঝোতা না হলে আমাদের প্রেমের ভবিষ্যৎ অনিশ্চিত! দুই মেরুর দুইজন হয়েও
মনোজাগতিক চেতনায় আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সমৃদ্ধ দাম্পত্যের স্বপ্নে। অথচ
আজ অধরার অনাকাঙ্ক্ষিত জেদে প্রেমতান্ত্রিক ধারাবাহিকতা ব্যহত হবার উপক্রম।
অধরা, সামান্য মান-অভিমান যেন আমাদেরকে সংঘাতের দিকে ঠেলে না দেয়!
ভালোবাসায় পারস্পরিক খুনসুটি থাকবেই। কিন্তু তার প্রকাশ যেন সহিংস না হয়!
এসো, প্রেমালাপ-ডেটিংয়ে অবরোধ-হরতালের কর্মসূচি এড়িয়ে আমরা আপাতত টেলিসংলাপ
করি! মোবাইল খুলে দেখো- অভিসারী বাসরে অংশগ্রহণের প্রস্তাবসম্বলিত
ভালোবাসার ক্ষুদেবার্তায় ভরে দিয়েছি তোমার ইনবক্স। প্রেমের স্বার্থে এ আমার
সর্বোচ্চ ছাড়! তবে এটা জেনে রেখো- তোমার হৃদয় থেকে আমি পদত্যাগ করতে রাজি
নই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন