স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

আষাঢ়ের রূপ

কালো মেঘে মন ভার করেছে আকাশ,
কাশবনে বয়ে যায় উদাসী বাতাস।
হুড়ুম দুড়ুম করে ডেকে ওঠে দেয়া,
চারদিক থমথমে বন্ধ যে খেয়া!

খোলাচুলে মেঘপরী মিটিমিটি হাসে,
সূর্যটা লুকোচুরি খেলে তার পাশে।
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ করে কোলাহল,
দেখায় বিজলী মেয়ে রকমারি ছল!

ঝমঝম ঝরে পড়ে বৃষ্টির ফোঁটা,
শুরু হয় খালে বিলে নানা ফুল ফোটা।
শাপলা শালুক ফোটে, ফোটে কেয়া-জুঁই,
সরোবরে সারি বাধে পুটি আর রুই।

নদী-নালা, খাল-বিল জলে একাকার,
পদ্ম কমল ফোটে উপরে যে তার।
রিমঝিম ছন্দেতে দোলায়িত সুর,
বৃষ্টিতে ভেজা আহ্ কত যে মধুর!

নদীবুকে পাল তুলে ভাসে ডিঙি নাও,
আবার বানের জলে ভাসে কত গাঁও!
সারাদিন বৃষ্টিটা ঝরে টাপটুপ
এমন বাহারি হয় আষাঢ়ের রূপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন