স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

সকাল

সকালে ঘুম থেকে উঠে দেখি
আমার শরীরে এখনো আঁধার লেগে আছে।
চোখের সামনে সফেদ সকাল, কী নির্মল পৃথিবী
অথচ আমি বয়ে বেড়াই কালো কালো ক্ষতচিহ্ন!

বহুদিন আমি সকাল দেখি না, ভুলে গেছি স্নিগ্ধ সৌরভ
আজ আকশের দিকে তাকিয়ে দেখি কোনো শূন্যতা নেই
মায়াময় ছায়া হয়ে জেগে আছে আমার মাথায়।
ঠিক তখনি তোমাকে মনে পড়ে গেল
কী মনে হলো, হঠাৎ রাস্তায় নেমে পড়লাম।

শহরের কোলাহল এখনো জেগে ওঠে নি,
দু’একটা মালবাহী ট্রাক শা শা করে চলে যাচ্ছে
কারওয়ানবাজারে কাঁচা সবজি উঠবে
কারখানায় পৌঁছে যাবে কাঁচামাল
আমার গন্তব্য কোথায়?
তোমার কাছে পৌঁছানোর পথ হারিয়ে ফেলেছি।

একবার খালি পায়ে হাঁটতে ইচ্ছে হলো
মনে হলো ঘাসের ঘ্রাণ মাখি, পবিত্র মৃত্তিকায় মাথা ঠেকাই
এই শহরে মাটি নেই, কোমল আশ্রয় পাবো কোথায়!

মাথার ওপরে কিছু কাক উড়ছে
ঝগড়া শুরু করেছে বস্তির মহিলারা
শীর্ণ শিশুটা রাস্তার পাশে মলত্যাগে ব্যস্ত
বুড়ো লোকটা একমনে যিকিরে মশগুল...
আর হাঁটার সময় নেই,
আমাকেও ঘুরে দাঁড়াতে হবে।

একবার শিশিরের জলে স্নান করিয়ে দাও,
আমার সমস্ত পাপ ঝরে পড়ুক।
বক্ষ বিদীর্ণ করে তুলে নাও সব সংকীর্ণতা
আমি উন্মুক্ত আকাশ হয়ে যাই।


ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন