স্বাগতম!

আমার সাইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার লেখাগুলো পড়ুন। ভালো লাগা-মন্দ লাগা জানান। সবাইকে শুভেচ্ছা।

তারুণ্য

সৃষ্টিশীল তারুণ্য সমাজের শক্তি, দেশের অহংকার। সব বাঁধা প্রতিবন্ধকতা মাড়িয়ে জীবনের জয়গান গায় তারুণ্য। যান্ত্রিকতার এ সময়ে যখন স্বার্থপরতা প্রধান হয়ে উঠছে, তখন তরুণরাই এগিয়ে আসছে মানুষের মুখে হাসি ফোটাতে, সমাজে আলো ছড়াতে, সমৃদ্ধ দেশ গড়তে। সামাজিক দায়বদ্ধতায় গঠনমূলক চিন্তায় ছোট ছোট সৃষ্টিশীল কাজে আত্মনিয়োগ করছে তারা। তরুণরা সৃষ্টিতে বিশ্বাসী। যৌবনের শক্তি যখন সব বৈষম্য-বিভেদের অন্ধকার দেয়াল উপড়ে ফেলে শান্তি স্থিতির লাল সূর্য আনতে চায়, কাঙ্ক্ষিত সহযোগিতা পরিবেশ তারা পায় না। আমাদের রাজনৈতিক হানাহানি, নেতৃত্বের অপরিণামদর্শন, চেতনার দুর্বৃত্তায়ন, আর্থিক অচলায়তন তরুণদের হতাশ করে। প্রচণ্ড স্বাপ্নিক তরুণটি চব্বিশ-পঁচিশ বছরে স্বপ্ন আর জীবিকার সন্ধিক্ষণে মিইয়ে পড়ে। চেতনার আপসরফায় বাধ্য করে স্বার্থপর রাষ্ট্রিক কাঠামো, স্বপ্নবিনাশী শাসনতান্ত্রিক চক্র। আকাঙ্ক্ষার আকাশ হুড়মুড় করে ভেঙে পড়ে আমাদেরই ঘাড়ে।

রাজনৈতিক স্থিতিশীলতা তাই কাম্য সুন্দর সমাজের স্বপ্নে, সমৃদ্ধ দেশের গঠনে। আমাদের প্রিয় মাতৃভূমি যৌবনকাল অতিক্রম করছে। তবুও এখনো সুন্দর রাজনৈতিক সংস্কৃতি পাইনি। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটেনি। দুর্নীতি আর স্বার্থপর নেতৃত্ব আমাদের এগুতে দিচ্ছে না। সৃষ্টিশীল তারুণ্য তাই রাজনীতিসচেতন থেকেও দূরে থাকছে রাজনীতি থেকে। এই তরুণরা সবাই নিজের মতো করে দেশকে সাজাতে চায়। সব ধরনের সহিংসতা ঘৃণ্য চোখে দেখে আর আহত হয়। তরুণদের চোখের ভাষা আমাদের রাজনৈতিক নেতৃত্ব পড়তে না পারলে, দেশপ্রেমিক দূরদর্শী ভূমিকা না রাখলে প্রজন্ম কাউকেই ক্ষমা করবে না।

সব অনিশ্চয়তার কালো মেঘ দূর হোক বাংলাদেশের আকাশ থেকে।

ফেসবুক 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন